মাঝ-আকাশে আকস্মিকভাবে ভারতের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় উড়োজাহাজটিতে থাকা দুই পাইলটের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পাইলটদের শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৯টার দিকে রাজস্থানের বারমার জেলায় এ দুর্ঘটনা ঘটে। বারমারের জেলা প্রশাসক লোক বান্দু সংবাদমাধ্যম পিটিআই-কে দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
জেলার ভিমদা গ্রামে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিমান বাহিনীর কর্মকর্তারা। হাজির হয় উদ্ধারকারী দল। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।











