spot_img
spot_img

ভেনেজুয়েলার তেল ভাণ্ডারের এক-পঞ্চমাংশ দখলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের

ভেনিজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের এক-পঞ্চমাংশের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । মার্কিন কোম্পানিগুলো ওপেকভুক্ত এই দেশটির বিপর্যস্ত জ্বালানি শিল্পকে পুনরুজ্জীবিত করতে পারবে বলে আশাবাদী তিনি। সেইসঙ্গে আমেরিকার অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম কমাতে নতুন ক্রুড অয়েলের উৎস নিশ্চিত হবে।

ট্রাম্প এই চুক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তিনি শুধু বলেছেন যে, বেসরকারি খাতের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ভেনেজুয়েলার প্রায় ৬৫ বিলিয়ন ব্যারেলেরও বেশি তেলের নিয়ন্ত্রণ এখন মার্কিনিদের হাতে।

দক্ষিণ আমেরিকার এই দেশটির সরকার চুক্তিটিকে স্বাগত জানিয়ে বলেছে, এটি অর্থনীতি এবং সরকারি রাজস্ব বৃদ্ধি করবে।

দীর্ঘদিনের অপর্যাপ্ত বিনিয়োগ, অব্যবস্থাপনা এবং মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিশ্বের সবচেয়ে বড় তেল সম্পদের অধিকারী হওয়া সত্ত্বেও দেশটি বর্তমানে দৈনিক মাত্র ১২ লাখ ৫০ হাজার ব্যারেল তেল উৎপাদন করছে।

ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘আমার নির্দেশনায় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন। বেসরকারি খাতের অংশীদারত্বের মাধ্যমে ভেনেজুয়েলার প্রমাণিত তেল সম্পদের ৬৫ বিলিয়ন ব্যারেলেরও বেশি অংশের ওপর মার্কিন সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ নিশ্চিত করা হয়েছে। এর জন্য মার্কিন করদাতাদের কোনো অর্থ ব্যয় করতে হয়নি।’

মার্কিন কোম্পানিগুলোকে ভেনেজুয়েলার নির্দিষ্ট কিছু তেলক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রবেশাধিকার প্রদান এবং উৎপাদিত অপরিশোধিত তেল আমেরিকার সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে কয়েক সপ্তাহের দ্বিপাক্ষিক আলোচনার পর এই ঘোষণা এলো। ভেনেজুয়েলার কর্মকর্তারা আগামী সপ্তাহে বেশ কয়েকটি মার্কিন কোম্পানিকে নতুন তেল অনুসন্ধান ও উৎপাদনের অনুমতি দিতে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছেন।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ