স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। অস্ত্র উদ্ধারে সহায়তাকারীদের উৎসাহিত করতে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ যেন জনপ্রত্যাশিত, জনবান্ধব বাহিনীতে পরিণত হয়, ভাবমূর্তি আরও উজ্জ্বল করার চেষ্টা করছি। আশা করি, ইনশাআল্লাহ আমরা ক্রমান্বয়ে জনপ্রত্যাশা অনুযায়ী এগিয়ে যেতে পারবো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে পারবো।’
তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে তারা এরইমধ্যে কাজে নেমে গেছে।
তিনি আরও বলেন, এরইমধ্যে সারা দেশে চাঁদবাজ ও সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু হয়েছে। যেসব পুলিশ কর্মকর্তা চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে পারবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পেরিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত থানাগুলো আবার সচল হয়েছে। স্বাভাবিক হয়েছে অনেক কিছুই। কিন্তু সেসময় পুলিশের লুট হওয়া এক হাজার ৩২৬টি অস্ত্রের এখনো সন্ধান পাওয়া যায়নি।











