spot_img
spot_img

আসন্ন অনিবার্য বিপ্লবে কবি নজরুলের লেখনী আমাদের অনুপ্রেরণা জোগাবে: রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘যুগে যুগে লড়াই-সংগ্রাম-আন্দোলনে বিদ্রোহী নজরুলের কবিতা ও গান আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। আজও কাজী নজরুল ইসলাম আমাদের প্রেরণা জোগান। বঞ্চিত ও মজলুম জনগণের প্রতিবাদের ভাষা আমরা নজরুলের লেখনীতে খুঁজে পাই।

তিনি বলেন, জুলাই-পরবর্তী বাংলাদেশে নতুন সরকারের জুলুমের বিরুদ্ধে এবং ইনসাফ কায়েমের স্বার্থে একটি বিপ্লব অনিবার্য হয়ে পড়েছে। সেই আসন্ন অনিবার্য বিপ্লবে কবি নজরুলের লেখনী আমাদের অনুপ্রেরণা জোগাবে।’

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা ইনসাফের বাংলাদেশ আশা করেছিলাম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সরকার জনগণের সাথে গাদ্দারি করেছে। জনগণের প্রদত্ত গণভোট অস্বীকার করে সরকার যে বেইমানি শুরু করেছিল, তারই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি-বিদ্যুৎ-গ্যাস-সার সংকট, প্রশাসনে দলীয়করণ, দুর্নীতি ও চাঁদাবাজি চলছে।’

জাগপা মুখপাত্র আরও বলেন, ‘কবি নজরুলের কবরের পাশেই শায়িত আছেন ওসমান হাদী। ভোটের আগে ওসমান হাদীকেও ব্যবহার করা হয়েছিল, অথচ এখন হাদীর হত্যার বিচার হয় না। জুলাই গণহত্যার বিচার হয় না, পিলখানা ও শাপলা হত্যাকাণ্ডের বিচার হয় না।’

এ সময় উপস্থিত ছিলেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন ও আসাদুজ্জামান বাবুল, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্র কাফেলার সভাপতি আবদুর রহমান ফারুকী, ঢাকা মহানগর যুব জাগপার সাধারণ সম্পাদক ওসমান গণি, সহসভাপতি আশিকুর রহমান ও শামীম আহমেদ, শ্রমিক জাগপা নেতা মনোয়ার হোসেন, মো. সাজু মিয়াসহ আরও অনেকে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ