spot_img

আমাদের লক্ষ্য বাংলাদেশে মৌলবাদীদের মূলোৎপাটন করা: হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী। আমাদের লক্ষ্য বাংলাদেশে মৌলবাদীদের মূলোৎপাটন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র’ (বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার) উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়। আমরা এধরনের চিন্তা-ভাবনায় বিশ্বাসী নই। আমরা সবাই বাঙালি এবং বাংলাদেশি, আমাদের স্বার্থ অভিন্ন।

সম্প্রতি বাংলাদেশে বিভিন্ন পূজামণ্ডপে হামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, দেশকে অস্থিতিশীল করতে এটি কয়েকটি প্রতিদ্বন্দ্বী রাজনীতি দলের চক্রান্ত মাত্র। অশুভ শক্তি রাজনৈতিক স্বার্থ হাসিলে এক বুলেটে দু’টি পাখি শিকার করতে চেয়েছিল। মৌলবাদী গ্রুপগুলো বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে এ ষড়যন্ত্র করেছিল। কিন্তু পূজা উৎসবের সময় দেশব্যাপী আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কঠোর সতর্কতার কারণে তাদের চক্রান্ত সফল হয়নি।

তিনি বলেন, পূজামণ্ডপগুলো পাহারা দেওয়ার মধ্য দিয়ে আমরা তাদের চক্রান্ত ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছি। দেশব্যাপী ৩২ হাজার পূজামন্ডপের মধ্যে মাত্র ৫ থেকে ৬টি মণ্ডপে এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ