ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ চত্তরে চলছে অর্ধমাস ব্যাপী “ইসলামি বই মেলা”। মেলায় সকালের দিকে পাঠক সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে স্টলগুলোতে বৃদ্ধি পেতে থাকে জনসমাগম। বিকেলে বিভিন্ন প্রাকাশনা প্রতিষ্ঠানের প্রাকাশক এবং বরেণ্য লেখকদের পদযাত্রায় মুখরিত হয়ে উঠে জাতীয় মসজিদ প্রাঙ্গণ।
শুক্রবার (২৯ অক্টোবর) সরেজমিনে বিভিন্ন স্টল ঘুরে এই চিত্র দেখা যায়।
একজন লেখকের সাথে কথা বলে জানা যায়, ইসলামি বইয়ের প্রতি মানুষের আগ্রহ দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে ইসলামি সাহিত্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
তরিকুল ইসলাম নামের একজন পাঠক বলেন, ইসলামি বই মেলায় বন্ধু এবং ফ্যামিলির সদস্যদের নিয়ে আসার সূচনা হয়েছে ২০১৫ সালে। এরপর থেকে প্রতিটা বছরই অপেক্ষায় থাকি মেলার জন্য। গত বছর করোনা পরিস্থিতির জন্য বই মেলা অনুষ্ঠিত হয়নি। তাই এবারের চাহিদাটা একটু ভিন্ন বটে। পছন্দের বই এবং সেই সাথে লেখকদের অটোগ্রাফ পাওয়ায় বেশ ভালো লাগছে বলেও জানান তিনি।
গার্ডিয়ান পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ আবু তাহের বলেন, এবারের বইমেলা অন্যান্য বছরের তুলনায় বেশ জমজমাট। পাঠকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে মানসম্মত বই প্রকাশ করছেন প্রকাশকগণ। এর ফলে পাঠক সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনই ইসলামি সাহিত্যের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।
বইমেলায় ঘুড়ে দেখা যায়, বাড়তি আকর্ষন তৈরি করতে কুইজ এবং প্রতিযোগিতার আয়োজন করেছে প্রকাশনা প্রতিষ্ঠানগুলো। সেই সাথে বইগুলোর সাথেও দেওয়া হচ্ছে বাড়তি ছাড়।












