spot_img
spot_img

ফুটপাত দখল করে ব্যবসা করতে দেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসক

হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে, তবে ফুটপাত দখল করে কাউকে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজা কর্নারে ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, হকারদের পুনর্বাসনের জন্য ইতোমধ্যে মিরপুর-১ ও দিয়াবাড়িতে দুটি স্থান নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে নগরের ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর অবস্থান নিয়েছে ডিএনসিসি।

ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে নেওয়া ১৫টি কর্মসূচির অংশ হিসেবে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ফিরিয়ে আনতে এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রশাসক। এ লক্ষ্যে বৃক্ষরোপণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ ও খালি জায়গা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

নৌকাবাইচ প্রতিযোগিতায় দেশের ১০টি নদীর নামে নামকরণ করা বিভিন্ন রঙের ১০টি নৌকা অংশ নেয়। প্রতি নৌকায় ১৫ জন করে মোট ১৫০ জন মাঝি দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেন।

ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা দেখতে হাতিরঝিলে দর্শনার্থীদের ভিড় জমে। নতুন প্রজন্মকে গ্রামবাংলার শিকড়ের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে অনেক অভিভাবক সন্তানদের নিয়ে এ আয়োজনে অংশ নেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ