সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা থেকে একপ্রকার সরে এসেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
রোববার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরা রাষ্ট্রীয় বিমান পাঠানোর সঙ্গে সম্পর্কিত’ বলে মন্তব্য করেছেন এম এ আরাফাত। আগেই বলেছিলাম, ১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসবে, সবার সুর এভাবেই পরিবর্তন হবে।
শেখ হাসিনা শনিবার রাতে ফেসবুক লাইভে কথা বলেছেন বলেও পোস্টে উল্লেখ করেন রাশেদ খাঁন।
তার ভাষ্য অনুযায়ী, ওই লাইভের অডিও বার্তায় শেখ হাসিনা বলেছেন, ‘আমি সব কিছু কিনে গুছিয়ে রেখেছি, যদি আমি যাই…।’ অন্য এক জায়গায় তিনি বলেছেন, ‘সুযোগ পেলে যাব।’
রাশেদ খাঁনের দাবি, শেখ হাসিনা ১৬ ডিসেম্বরই দেশে ফিরবেন, এমন কথা একবারও স্পষ্ট করে বলেননি। এর মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা থেকে শেখ হাসিনা একপ্রকার সরে এসেছেন বলে মন্তব্য করেন তিনি।
পোস্টে দেশে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের উদ্দেশে হুঁশিয়ারিও দেন রাশেদ খাঁন। তিনি বলেন, বর্তমানে যারা আগুনসন্ত্রাস চালাচ্ছে, তাদের সবাই ভারতে পালাতে পারবে না।
শেখ হাসিনার অডিও বক্তব্যের পর সংশ্লিষ্টদের এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
অন্যথায় বাংলাদেশের জনগণের নতুন করে গণপ্রতিরোধের মুখে পড়লে কারও অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দেন রাশেদ খাঁন। এ প্রসঙ্গে তিনি বাগেরহাটবাসীর প্রতিরোধের কথাও উল্লেখ করেন।











