কুমিল্লার নাঙ্গলকোটে রেলক্রসিং পার হতে গিয়ে মেইল ট্রেনের ধাক্কায় সোহরাব হোসেন ওরফে মামুন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে ও মক্রবপুর ইউপি যুবলীগের প্রচার সম্পাদক।
শনিবার (২৯ জানুয়ারি) উপজেলার মক্রবপুর ইউনিয়নের বান্নঘর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মামুন শনিবার নিজ বাড়ী থেকে স্থানীয় মক্রবপুর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান ফলের দোকানে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে বান্নঘর এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তিনি নিহত হন। ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুছড়ে একটি গাছে আটকে যায়।
এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দীন বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।










