বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কেবিনে রেখে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মেডিকেল বোর্ড সেবা দিচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
রোববার (৩০ এপ্রিল) গণমাধ্যমকে ফোনে এ কথা জানিয়েছেন তিনি।
ডা. জাহিদ জানান, মেডিকেল বোর্ড গতকাল (শনিবার) রাতে বৈঠক করেছে। সেই অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসা চলছে। আজ সন্ধ্যায় আবারও বসবে বোর্ড।
খালেদা জিয়ার হার্টে থাকা দুটি ব্লকের চিকিৎসার বিষয়ে বৈঠক করেছেন মেডিকেল বোর্ডের সদস্যরা। আগামী ৭২ ঘণ্টা হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকবেন তিনি।
জানানো হয়, সব শারীরিক পরীক্ষার রিপোর্ট হাতে আসার পরই খালেদা জিয়ার হার্টে থাকা দুই ব্লকের চিকিৎসা বিষয়ে সিদ্ধান্ত নেবেন ১০ সদস্যের মেডিকেল বোর্ড।










