spot_img

সারা দেশে ৩৩ ও হাওড়ে ৯০ শতাংশ ধান কাটা শেষ: কৃষিমন্ত্রী

সারা দেশে ৩৩ ও হাওড়ে ৯০ শতাংশ ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

রোববার (৩০ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বোরো ধান নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সাধারণত প্রতিবছর ৫০ লাখ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়। বোরো চাষের জন্য চলতি বছর ৪৯ লাখ ৭৬ হাজার হেক্টর জমি চাষের টার্গেট ছিল। তবে এবার ৫০ লাখ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে, যা টার্গেটের চেয়েও বেশি। এ ছাড়া এখন পর্যন্ত সারা দেশে ৩৩ ও হাওড়ে ৯০ শতাংশ ধান কাটা শেষ হয়েছে।

তিনি বলেন, হাওড়ে ধান কাটা চরম ঝুঁকিপূর্ণ। আগে প্রতিবছরই দেখতাম কিছু না কিছু হাওড় এলাকা ডুবে যেত, ধান নষ্ট হতো, কৃষকরা তাদের ধান ঘরে তুলতে পারত না। এবার হাওড়ের মধ্যে ঝুঁকিপূর্ণ ও উঁচু জায়গাও বোরো চাষ হয়েছে। হাওড়ে সব মিলিয়ে ৯ লাখ ৫০ হাজার হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। হাওড়ে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৮ লাখ টন।

তিনি আরও বলেন, চলতি বছর এখন পর্যন্ত খবর হলো, হাওড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় ৯০ শতাংশ ধান কাটা হয়েছে। সুনামগঞ্জে ১০০০ কম্বাইন হারভেস্টার ও ৬৬৮টি রিপার ধান কেটেছে। এবার তেমন বন্যাও আসেনি। এটা আমাদের একটা বড় অর্জন।

হাওড়ে বন্যা আসার আগে যাতে ধান কাটা যায়, তেমন জাত নিয়ে বিজ্ঞানীরা কাজ করছেন বলেও জানান আব্দুর রাজ্জাক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ