ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পাকতিয়া, পাকতিকা ও কুনার প্রদেশের বিভিন্ন এলাকায় পাকিস্তানি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। একই সাথে পাকিস্তানের এসব হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে দিল্লি।
সোমবার (২৯ জুন) রাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে আফগান ভূখণ্ডে পাকিস্তানি বিমান হামলার তীব্র নিন্দা জানান।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানি সামরিক শাসকগোষ্ঠীর এসব হামলা এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি। একই সঙ্গে এসব হামলা পাকিস্তানি সামরিক শাসকগোষ্ঠীর দায়িত্বজ্ঞানহীন নীতির ধারাবাহিকতা এবং নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টাকেই প্রকাশ করে।
হামলায় যেসব আফগান পরিবার আপনজন হারিয়েছে, তাদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে ভারত। একই সঙ্গে আফগানিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি নিজেদের অবিচল সমর্থন অব্যাহত রাখার কথাও পুনর্ব্যক্ত করেছে দেশটি।
সূত্র: হুরিয়াত রেডিও











