spot_img
spot_img

আওয়ামী লীগের শান্তি সমাবেশে মাদরাসা ছাত্র নিহতের ঘটনায় হেফাজতের প্রতিবাদ

আজ গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, গত পরশু (২৯ জুলাই শুক্রবার) বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিত যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশে দুপক্ষের সংঘর্ষে হাফেজ রেজাউল করিম নামের এক কওমী মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। নৃশংস এই হত্যাকান্ডের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নেতৃদ্বয় গভীর শোক প্রকাশ করে বলেন, হাফেজ রেজাউল করিম (২১) শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলা ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের আব্দুস সাত্তারের বড় ছেলে। সে যাত্রাবাড়ী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদরাসার ছাত্র। নিহত হাফেজ রেজাউল করিম হত্যাকাণ্ডের সময় অসুস্থ অবস্থায় তার বোনের বাড়ি থেকে চিকিৎসার জন্য যাচ্ছিল। সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনরূপ যুক্ত ছিলো না।

এ হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃদ্বয় আরও বলেন, অনতিবিলম্বে যথাযথ তদন্তের মাধ্যমে হাফেজ রেজাউল করিমের হত্যাকাণ্ডে জড়িত আসামিদের চিহ্নিত করতে হবে। অতিদ্রুত আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি আমরা নিহতের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি।

তারা নিহতের জন্য আল্লাহর দরবারে শহীদী মর্যাদা লাভের দু’আ এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ