spot_img
spot_img

ছয় দিনের বিরতির পর ইরানে ফের আমেরিকার বিমান হামলা

ছয় দিনের বিরতির পর আবারও ইরানে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। দেশটির অভ্যন্তরে বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে রাতভর হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড, সেন্টকম।

বুধবার (২৯ জুলাই) আমেরিকার পূর্বাঞ্চলীয় সময় রাত ৮টায় এ হামলা শুরু হয়। পরে ইরানের দক্ষিণাঞ্চলীয় একাধিক প্রদেশ ও দ্বীপে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে প্রেস টিভি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম এ হামলাকে ‘শক্তিশালী প্রতিক্রিয়া’ হিসেবে উল্লেখ করেছে।

হামলায় দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন অঞ্চলকে লক্ষ্যবস্তু করা হয়। কেশম দ্বীপে অন্তত তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলার পর দ্বীপটিতে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এ ছাড়া বন্দর আব্বাস, কিশ ও আবু মুসা দ্বীপে হামলা চালানো হয়। খুজেস্তান প্রদেশের আবাদান এবং ফার্স প্রদেশের কাজেরুন শহরেও আক্রমণ চালানো হয়েছে। বুশেহর প্রদেশও আবারও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

এর এক দিন আগে ইরাকে ইরান-সমর্থিত একটি গোষ্ঠীর ওপর হামলা চালায় আমেরিকা ও সৌদি আরবের যৌথ বাহিনী। ওই হামলায় কমপক্ষে ২০ জন নিহত হন।

জবাবে জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস, আইআরজিসি। ওই হামলার প্রতিক্রিয়ায় বুধবার ইরানে নতুন করে বিমান হামলা চালায় আমেরিকা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ