রাজনীতি থেকে ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, মাঝেমধ্যে বড় কষ্ট লাগে। আমার দেশের রাজনীতি থেকে কেন যেন মনে হয়, ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ন্যাম ভবন প্রাঙ্গণে প্রয়াত দুই সংসদ সদস্যের মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী।
সদ্য প্রয়াত শাহজাহান কামালের স্মৃতিচারণ করে ওবায়দুল কাদের বলেন, শাহজাহান কামালের মতো একজন ভালো মানুষ রাজনীতিতে বিরল। তাকে হারানো মানে, আমরা একজন ভালো মানুষকে হারালাম। রাজনীতিবিদ হিসেবে তার আদর্শ গুণাবলি আমরা মনে রাখব এবং অনুসরণ করব। আব্দুস সাত্তারও ভালো মানুষ ছিলেন। এ দুই নেতার মৃত্যুতে আমরা দুজন ভালো মানুষ হারালাম।
সেতুমন্ত্রী বলেন, আমরা এখানে জানাজায় শামিল হয়েছি। আমাদের পার্টির পক্ষ থেকে ফুল দিয়েছি। আমাদের পার্টির প্রধান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে রয়েছেন। তিনি শোকবার্তা পাঠিয়েছেন।
ওবায়দুল কাদের বলেন, ব্যক্তিগতভাবে শাহজাহান কামাল ও আমার খুবই ক্লোজ রিলেশন (ঘনিষ্ঠ সম্পর্ক) ছিল। তিনি ছাত্রনেতা থেকে মন্ত্রী, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ছিলেন। একজন সাচ্চা আদর্শবান মানুষ ছিলেন। আব্দুল সাত্তারও একজন ভালো মানুষ হিসেবে তার এলাকায় যথেষ্ট জনপ্রিয় ছিলেন। তিনি জনগণের ভোটে বার বার নির্বাচিত হয়েছেন।
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ড. আব্দুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) আক্তারুজ্জামান, ডেপুটি স্পিকার শাসমুল হক টুকু, ওয়াকার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ আরও অনেকে।










