শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৯০ ভাগের বেশি শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা পাচ্ছি। তার মানে তারা ঝরে পড়েনি। এখনো অনেক বাবা-মা তাদের সন্তানকে স্কুলে পাঠানো নিয়ে ভয়ে আছেন। যার ফলে শিক্ষার্থীদের উপস্থিতির হার এখনো শতভাগ নয়।
শনিবার (৩০ অক্টোবর) দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, করোনা মহামারীতে ঠিক কত ভাগ শিক্ষার্থী ঝরে পড়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। এখনো অনেক বাবা-মা তাদের সন্তানকে স্কুলে পাঠানো নিয়ে ভয়ে আছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষার্থীদের উপস্থিতি আরও বাড়বে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা এখনো ঠিক বলতে পারছি না ঠিক কত সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়েছে। যাদের একটু আর্থিক সমস্যা রয়েছে, তারা ছেলে-মেয়েদের কাজে লাগিয়ে দিয়েছে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয়তো কারো কারো বাল্যবিবাহ হয়ে গেছে।











