spot_img
spot_img

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতকে বড় ব্যবধানে হারিয়ে জয়ী ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিটে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৪০৪।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। বেসরকারিভাবে নির্বাচিত মির্জা ফয়সল আমীন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আসনটিতে মোট ভোটার ছিলেন ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৭৫ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।

নির্বাচনে মোট ৩ লাখ ৩৪ হাজার ৩৩০টি ভোট পড়েছে। এর মধ্যে বৈধ ভোট ৩ লাখ ২৯ হাজার ৫টি। বাতিল হয়েছে ৫ হাজার ৩২৫টি ভোট। জেলা নির্বাচন কার্যালয়ের হিসাবে ভোট পড়ার হার ৬৪ দশমিক ৮১ শতাংশ।

এ উপনির্বাচনে আরও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম ৩ হাজার ২৮৯ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী ৮৩৬ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ৪৫০ ভোট পেয়েছেন।

বিজয়ের পর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁও-১ আসনের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে আগামী দিনে সবার সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন।

তিনি আরও বলেন, এই বিজয় মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয়। এ বিজয় সাধারণ মানুষের বিজয়। এই বিজয় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের বিজয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ