নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে পিংক বাস সার্ভিস সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এর অংশ হিসেবে নারী চালকদের ভারী যানবাহন চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে।
বিআরটিসির জিএম (আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতেমা বেগম জানান, দক্ষ নারী চালক তৈরির লক্ষ্যে নির্বাচিত নারীদের ১ থেকে ৪ মাসের ভারী যানবাহন চালানোর প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এর মাধ্যমে পিংক বাস সার্ভিসে আরও নারী চালক যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকার নারীদের জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে। বিআরটিসি ইতোমধ্যে নারী চালকদের মাধ্যমে পিংক বাস সার্ভিস পরিচালনা করছে। এবার শীতাতপ নিয়ন্ত্রিত বৈদ্যুতিক (ইভি) পিংক বাস সার্ভিস চালুর মাধ্যমে এ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।
ফাতেমা বেগম বলেন, পিংক বাস সার্ভিস ব্যাপক সাড়া পাচ্ছে। এটি লাভের জন্য পরিচালিত হচ্ছে না, বরং দেশের নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। দেশের বিভিন্ন স্থানে এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, আগে অনেক রক্ষণশীল পরিবার নারীদের বাইরে গিয়ে কাজ করার বিষয়ে অনাগ্রহী ছিল। এখন পরিবারের সদস্যরা নারীদের দেশে-বিদেশে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে উৎসাহিত করছেন।
সরকার ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে। এ লক্ষ্যে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বিআরটিসি বিশেষ করে তরুণদের দক্ষ চালক হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ দিচ্ছে। এর ফলে দেশে ও বিদেশে তাদের সম্মানজনক কর্মসংস্থান ও ভালো আয়ের সুযোগ তৈরি হচ্ছে।
এ কার্যক্রমের আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প এবং এডিবির অর্থায়নে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (সিসিপ) বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্পের মাধ্যমে প্রায় ৬৮ হাজার মানুষকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে। ইতোমধ্যে অনেক নারী হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ নিয়েছেন এবং তাদের কেউ কেউ দেশে ও বিদেশে কর্মসংস্থানও পেয়েছেন।
বিআরটিসির গাজীপুর প্রশিক্ষণ ইনস্টিটিউটের ব্যবস্থাপক প্রকৌশলী মুহাম্মদ মাশিউজ্জামান জানান, হালকা মোটরযান চালানোর লাইসেন্সধারী নারীদের ভারী যানবাহন চালানোর প্রশিক্ষণের জন্য নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে তারা ইভি পিংক বাস পরিচালনার সুযোগ পাবেন।
তিনি জানান, সড়কে পারফরম্যান্স পরীক্ষায় উত্তীর্ণদের প্রয়োজন অনুযায়ী বিদ্যমান প্রশাসনিক ও আর্থিক বিধি অনুসরণ করে দৈনিক মজুরি ভিত্তিতে চালক হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। তবে চূড়ান্ত নিয়োগের আগে কোনো আর্থিক সুবিধা দেওয়া হবে না। ভবিষ্যতে স্থায়ী চালক নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রশিক্ষণে আবেদন করতে পারবেন ২১ থেকে ৩২ বছর বয়সী বাংলাদেশি নারীরা। আবেদনকারীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট হতে হবে এবং অন্তত এক বছর মেয়াদি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞ চালকদের ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়ার সুযোগ রয়েছে।
আগামী ১ থেকে ১৫ নভেম্বর কর্মদিবসে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত গাজীপুরে বিআরটিসির কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরাসরি আবেদন করতে হবে। আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন, সব শিক্ষাগত সনদ এবং মূল ড্রাইভিং লাইসেন্স সঙ্গে আনতে হবে।
প্রাথমিক ড্রাইভিং পরীক্ষার ফলাফল ১৫ নভেম্বর বিকেলে বিআরটিসির ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে নারী হোস্টেলের ব্যবস্থা থাকবে। প্রাথমিকভাবে নির্বাচিতদের প্রশিক্ষণ শুরু হবে ১৭ নভেম্বর।
সূত্র: বাসস











