১০০ ছাড়িয়েছে সোমালিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা। বুধবার (২৯ নভেম্বর) জাতির উদ্দেশ্যে সম্প্রচারিত প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদের এক ভিডিও বার্তায় একথা জানানো হয়।
বার্তায় দেশটির প্রেসিডেন্ট বলেন, সোমালিয়া জুড়ে ভারী বর্ষণ ও বন্যায় মৃতের সংখ্যা ১০১ এ গিয়ে পৌঁছেছে। ১০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। সাড়ে ১০ লক্ষ মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। জলবায়ুর পরিবর্তন ও ‘এল নিনো’ (বিশেষ আবহাওয়া) এর বৃদ্ধি সোমালিয়ার বিভিন্ন অংশ বিধ্বস্ত হওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে করে সোমালিয়াকেও স্মরণকালের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের শিকার হতে হচ্ছে। জলবায়ুর পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগে দেশের জনগণকে ক্ষতির মুখে পড়তে হচ্ছে। বন্যায় ৪ হাজার গবাদি পশু মারা পড়েছে। বিধ্বস্ত হয়েছে ১ লক্ষ ৪০ হাজার বাড়িঘর।
ভারী বর্ষণ ও বন্যার ফলে সৃষ্ট দুর্যোগের কারণে তিনি জাতীয় মানবিক জরুরি অবস্থারও ঘোষণা দিয়েছেন।
সংবাদমাধ্যমের তথ্যমতে, ভারী বর্ষণ ও বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির হিরশাবেল ও জুবাল্যান্ড রাজ্য।
এছাড়া জাতিসংঘের ত্রাণ ও সহায়তা বিভাগের প্রধান মার্টিন গ্রিফিথস মঙ্গলবার এক এক্স বার্তায় বন্যার বিষয়ে বলেন, ৪ দশকের প্রখর খরার মুখোমুখি হওয়ার পর সোমালিয়া এখন শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যার মোকাবিলা করছে।
তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায় কম থাকা দেশগুলোকে জলবায়ুর ফলে সৃষ্ট সবচেয়ে খারাপ পরিস্থিতির শিকার হতে হয়। তারা বেশি ক্ষতিগ্রস্ত হয় আবার তহবিলও পায় স্বল্প। এমন হওয়া উচিত নয়। অবশ্যই এটি পরিবর্তন হতে হবে।
সূত্র: আল জাজিরা










