সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, করোনার অভিঘাত সফলভাবে মোকাভিলা করে বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে। দেশের ভৌত অবকাঠামো ও সামাজিক নিরাপত্তা খাতে গৃহীত উন্নয়ন কর্মসূচিগুলোও সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) রাজধানীর আশকোনায় নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মিলনায়তনে ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ে একটি আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুজ্জামান আহমেদ বলেন, করোনা অতিমারির সময়ে বিশ্বের অধিকাংশ দেশের অর্থনীতি যখন টালমাটাল, তখনো বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ধনাত্মক। বৈশ্বিক মন্দা চলাকালীনও দেশের মেগা প্রকল্পগুলো থেমে থাকেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে ইতোমধ্যে পদ্মা সেতু ও মেট্রোরেল উদ্বোধন হয়েছে।
তিনি বলেন, ভৌত অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি করোনা পরবর্তী সংকট থেকে উত্তরণের জন্য সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ বাড়িয়ে উপকারভোগীর সংখা বাড়িয়েছে।











