বিশ্বে যত ইলিশ মাছ উৎপাদন হচ্ছে তার ৮০ শতাংশ বাংলাদেশে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
তিনি বলেন, বিশ্বের কাছে ইলিশ উৎপাদনে বাংলাদেশের যে অবস্থান তা সবার সম্মিলিত প্রচেষ্টায় এবং প্রধানমন্ত্রীর সময় উপযোগী বিভিন্ন পদক্ষেপের কারণে। আমরা আজকে যে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করছি তার লক্ষ্য কেউ যেন জাটকা আহরণ, বিপণন ও বাজারজাত না করে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে মুন্সিগঞ্জের সরকারি লৌহজং কলেজ প্রাঙ্গণে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
শ ম রেজাউল করিম বলেন, ছোট ছোট জাটকা আমরা ধরতে যাবো না। এ মাছ বড় হলে মৎস্যজীবীরাই কিন্তু বিক্রি করে অতিরিক্ত টাকা পাবে। একইসঙ্গে সাধারণ মানুষ বড় মাছের স্বাদ পাবে। তাই সবাই এক হয়ে জাটকা নিধন বন্ধে কাজ করতে হবে।










