চট্টগ্রামের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার মুহতামিম এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আবু তাহের নদভী কাসেমীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তাঁর ইন্তেকালে আলেমসমাজ, শিক্ষার্থী ও গুণগ্রাহীদের মাঝে শোকের আবহ তৈরি হয়।
সোমবার (৩০ মার্চ) রাত ১১টা ৩০ মিনিটে জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসায় তাঁর বড় ছেলের ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার (৩০ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানা যায়, প্রায় এক মাস আগে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তিনি ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জানাজার আগে তাঁর বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, নানুপুর মাদরাসার মুহতামিম মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী এবং পটিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন আনোয়ারী।
মাওলানা আবু তাহের নদভী ২০২৪ সালে জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি জামিয়ার দারুল ইকামার প্রধান, মঈনে মুহতামিম ও নায়েবে মুহতামিমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
১৯৬০ সালে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার উত্তর নিচিন্তাপুর গ্রামে মাওলানা আবু তাহের নদভীর জন্ম। তাঁর পিতার নাম নাজির আহমদ।
পটিয়া মাদরাসার মুহতামিমের দায়িত্বের পাশাপাশি তিনি আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের চেয়ারম্যান, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর এবং পটিয়া মাদরাসা থেকে প্রকাশিত মাসিক আত-তাওহীদের প্রধান সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
জানাজা শেষে তাঁকে পটিয়া মাদরাসার কেন্দ্রীয় কবরস্থান মাকবারায়ে আযীজিতে দাফন করা হয়।










