spot_img
spot_img

শহীদ জিয়ার শাহাদতবার্ষিকীতে ১৬ স্থানে খাবার ও বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীর দুই সিটি করপোরেশনের ১৬টি স্থানে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩০ মে) সকালে মানিক মিয়া এভিনিউর টিঅ্যান্ডটি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এই বিতরণ কর্মসূচি শুরু করেন তিনি। এরপর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের শ্যামলী স্কয়ার, সরকারি বাংলা কলেজ এলাকা, পল্লবী মেট্রো স্টেশন, ইসিবি চত্বর, কুড়িল বিশ্বরোড, ফুজি ট্রেড সেন্টার, জোড়পুকুর খেলার মাঠ, বাংলাবাজার, যাত্রাবাড়ী, জুরাইন ও ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, বিকেলে ধানমন্ডি এলাকায় দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ শেষে বাসভবনের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত পৃথক কর্মসূচিতে অংশ নেন তিনি। সেখানেও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় শেরেবাংলা নগরে তার কবরে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দলের স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারম্যান।

সন্ধ্যায় গুলশান এভিনিউর বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রীর পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবরা অংশ নেন।

মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার, মেজ বোন সেলিমা ইসলামসহ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনায় প্রধানমন্ত্রীর বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও নিকটজনরা অংশ নেন।

এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, এসএসএফ ও পিজিআর সদস্যরাও মিলাদ মাহফিলে অংশ নেন।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ