ইরানে আমেরিকার হামলার পক্ষে আবারও যুক্তি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, বি-টু বোমারু বিমান দিয়ে ইরানে হামলা না চালালে দেশটির হাতে এখন পারমাণবিক অস্ত্র থাকত। আর তেমনটি হলে ইসরাইলও থাকত না, মধ্যপ্রাচ্যও থাকত না।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান বিষয়ে নিজের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার সময় ট্রাম্প এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, “আমরা যদি ৯ মাস আগে বি-টু বোমারু বিমান দিয়ে তাদের ওপর হামলা না করতাম, তাহলে এই মুহূর্তে তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকত। আর তেমনটি হলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো। সম্ভবত তখন আপনারা ইসরাইলকে পেতেন না, এমনকি মধ্যপ্রাচ্যকেও পেতেন না। এরপর তারা সেখান থেকে কোথায় যেত?”
ইরান প্রসঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, আমেরিকা একটি ‘দারুণ চুক্তি’ করতে যাচ্ছে। তার দাবি, এই চুক্তি অনেক মানুষের জীবন বাঁচাবে। চুক্তি স্বাক্ষরের পরপরই হরমুজ প্রণালি উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের নেতৃত্বকে ‘খুবই শক্ত আলোচক’ হিসেবে বর্ণনা করেন ট্রাম্প। তিনি বলেন, আমেরিকা ধীরে ধীরে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের দিকে এগোচ্ছে।
ট্রাম্প বলেন, “এতে দীর্ঘ সময় লাগে। আমার কোনো তাড়াহুড়া নেই। আপনি যদি তাড়াহুড়া করতে যান, তাহলে ভালো কোনো চুক্তি করতে পারবেন না। ধীরে ধীরে হলেও নিশ্চিতভাবে আমরা যা চাই, তা পাচ্ছি বলে আমি মনে করি।”
চুক্তি না হলে ভিন্ন পথ নেওয়ার হুমকিও দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “আর যদি আমরা যা চাই, তা না পাই, তাহলে আমরা ভিন্ন উপায়ে এর সমাপ্তি ঘটাব।”
সূত্র : আল জাজিরা, ফক্স নিউজ











