স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তাদের রাজনৈতিক কৌশল রয়েছে। সেই কৌশলে তারা নির্বাচনে যাবে কী যাবে না, এটা তাদের সিদ্ধান্ত। কিন্তু রাস্তাঘাট বন্ধ করবে, জানমালের ক্ষতি করবে, এটা আমরা করতে দেবো না। তারা প্রেস ক্লাবে রোজ মিটিং করছে, আমরা বাধা দিচ্ছি না। তারা নিয়মতান্ত্রিকভাবে যে সভা বা প্রচার করবে, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু তারা যখনই প্রতিবন্ধকতা তৈরি করবে বা জানমালে আঘাত করবে সেখানে আমাদের নিরাপত্তা বাহিনী চুপ থাকবে না, তাদের কাজ তারা করবে।
রোববার (৩১ জুলাই) সচিবালয়ে জাতীয় শোক দিবসের আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আসাদুজ্জামান খান বলেন, বিএনপির ডাকে সাড়া দিয়ে জনগণ আন্দোলনে নামবে কি না, এটা জনগণের ওপর। জনগণ নামলে তো নামবে। তার এটা নিশ্চিত যে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আলোকিত হচ্ছে, সেখানে এ দেশের মানুষ আর কখনই অন্ধকারে ফিরে যাবে না।










