আগামী রোববার বসবে চলতি একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন। মাত্র ৫ দিন চলবে সংক্ষিপ্ত এই অধিবেশন। তবে এ অধিবেশনে ৬টি বিল পাস হতে পারে। আগামী অক্টোবর মাসে চলতি সংসদের শেষ অধিবেশন বসবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
জাতীয় সংসদের একটি অধিবেশেন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। চলতি একাদশ জাতীয় সংসদের ২৩তম ও বাজেট অধিবেশন শেষ হয় জুলাই মাসের ৬ তারিখে। তেসরা সেপ্টেম্বর শুরু হবে ২৪তম অধিবেশন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের অধিবেশন সংক্ষিপ্ত হবে। রোববার শুরু হয়ে বৃহস্পতিবারেই শেষ হওয়ার কথা রয়েছে। তবে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
এবারের অধিবেশনে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট বিল, পারিবারিক আদালত বিলসহ ৬টি বিল পাস হতে পারে। ভূমি উন্নয়ন কর বিল, কপিরাইট বিল, গণমাধ্যম কর্মী বিলসহ ১১টি বিল কমিটিতে পরীক্ষাধীন রয়েছে।
তিনি জানান, অক্টোবর মাসে বসবে একাদশ জাতীয় সংসদের ২৫তম ও শেষ অধিবেশন বসবে। বর্তমান সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল ২০১৯ সালের ৩০শে জানুয়ারি।











