spot_img
spot_img

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে নতুন অগ্রগতি, সৌদিতে হচ্ছে সচিবালয়

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় নিজেদের সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হয়েছে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব। এর অংশ হিসেবে সৌদি আরবে একটি সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। শুরুতে তিন বছরের জন্য পাকিস্তানের একজন মহাসচিব এর দায়িত্বে থাকবেন।

সোমবার (৩১ আগস্ট) ইস্তাম্বুলে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় গঠিত কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির প্রথম বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক দায়িত্ববোধ থেকে তিন দেশ তাদের অঞ্চলে টেকসই শান্তি ও স্থিতিশীলতা অর্জনে মক্কা চুক্তির কাঠামোর মধ্যে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।

এতে আরও বলা হয়, সংকটের শান্তিপূর্ণ সমাধানে উৎসাহ দিতে তিন দেশ উত্তেজনা প্রশমন ও সংযম বজায় রাখার প্রচেষ্টাকে সমর্থন অব্যাহত রাখবে।

তিন দেশ তাদের সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বিষয়ে একমত হয়েছে। এর লক্ষ্য হলো পারস্পরিক সংহতি বাড়ানো, যৌথ প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতার বিশ্বাসযোগ্যতা ও কার্যকারিতা নিশ্চিত করা এবং ন্যায়সংগত, অন্তর্ভুক্তিমূলক ও স্থায়ী শান্তির জন্য আঞ্চলিক উদ্যোগ ও সহযোগিতামূলক নিরাপত্তায় অবদান রাখা।

চুক্তির আওতায় পরিচালিত কার্যক্রমকে সহায়তা দিতে সৌদি আরবে একটি সচিবালয় প্রতিষ্ঠার ঘোষণাও দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, মক্কা চুক্তির কাঠামোর মধ্যে কার্যক্রমকে সহায়তা করার জন্য সৌদি আরবে একজন মহাসচিবের নেতৃত্বে একটি সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। প্রাথমিকভাবে তিন বছরের মেয়াদে পাকিস্তানের একজন মহাসচিব সচিবালয়ের দায়িত্বে থাকবেন।

এ ছাড়া যৌথ কার্যক্রমের মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা এবং সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় ও সংহতি আরও শক্তিশালী করার বিষয়েও তিন দেশ একমত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, যৌথ কার্যক্রমের মাধ্যমে তারা শক্তিশালী প্রতিরক্ষা শিল্প সহযোগিতা, যৌথ প্রযুক্তি উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা এবং সশস্ত্র বাহিনীর সংহতি আরও শক্তিশালী করার কাজ করবে।

বিবৃতিতে আরও বলা হয়, মক্কা চুক্তির প্রাতিষ্ঠানিক ও দৃঢ় বাস্তবায়নের মাধ্যমে তিন দেশ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় গঠিত কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির কাঠামোতে সোমবার ইস্তাম্বুলে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধান বা সেনাপ্রধানরা বৈঠকে মিলিত হন।

সূত্র: আনাদুলো এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ