ইতালি সফরের দ্বিতীয় দিন রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দফতর ভ্যাটিকান সিটিতে গেছেন ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরে তিনি ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেন।
শনিবার (৩০ অক্টোবর) ক্যাথলিক খ্রিস্টানদের স্বাধীন এ রাষ্ট্রে তার সফর হয়।
জানা যায়, ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে ভারতে সফরের আমন্ত্রণ জানান মোদি। আমন্ত্রণ গ্রহণ করে সফরে সম্মতি দিয়েছেন পোপ ফ্রান্সিস।
তিনি দেশটিতে সফরে গেলে এটিই হবে ১৯৯৯ সালের পর প্রথম কোনও পোপের ভারত সফর।
মোদি হলেন পঞ্চম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরুর সঙ্গে দেখা করলেন। টুইটারে দেওয়া এক পোস্টে পোপকে আলিঙ্গন করার ছবিও সংযুক্ত করেছেন মোদি।
ওই পোস্টে তিনি লিখেছেন, পোপ ফ্রান্সিসের সঙ্গে উষ্ণ আলাপ হয়েছে। বেশ কিছু বিষয়ে আলোচনার সুযোগ হয়েছে। তাকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছি।












