ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল-দুহাইলান বলেছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী বছর থেকে বাংলাদেশের নাগরিকরা হজে যেতে পারবেন।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ঢাকাস্থ সৌদি দূতাবাসে আয়োজিত বাংলাদেশ-সৌদি আরবের কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছর উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ।
সৌদি রাষ্ট্রদূত বলেন, করোনাকালেও সৌদিতে বাংলাদেশি কর্মীরা নিয়মিত যাচ্ছেন। গত এক বছরে প্রায় ৫ লাখ কর্মী সৌদি আরবে গেছেন। প্রতিদিন সৌদি দূতাবাস থেকে ৪ হাজারেরও বেশি ভিসা দেওয়া হচ্ছে। একদিনে সব্বোর্চ ৮ হাজার ৬০০ ভিসা ইস্যুও করা হয়েছে।
সৌদি রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। লাহোরে ওআইসি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাদশা ফয়সাল এ সম্পর্কের সূচনা করেন। আগামীতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে।










