ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানে বর্তমানে ক্ষমতায় থাকা তালেবান সরকারকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়েছে কাজাখস্তান।
শুক্রবার কাজাখস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কাজইনফ্রম’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আইবেক স্মাদিয়ারভ। সেই সঙ্গে তালেবান সংগঠন জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সন্ত্রাসী তালিকাভুক্ত নয় বলেও জানিয়েছেন তিনি।
আইবেক বলেন, “নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনগুলোর জাতীয় তালিকা নিয়মিতভাবেই আপডেট করে কাজাখস্তান। আর এই প্রক্রিয়ার অংশ হিসেবে জাতিসংঘকে অনুসরণ করে তালেবান সংগঠনকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে সরকার। কারণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন অনুযায়ী, সংগঠনটি আর তাদের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত নয়।”
এদিকে, কাজাখস্তানের এমন পদক্ষেপকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এমন পদক্ষেপ উভয় দেশের শাসক গোষ্ঠীর মধ্যে ইতিবাচক ও পারস্পারিক বিশ্বাস তৈরি করতে সাহায্য করবে। যা আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসী কার্যক্রম রোধ ও মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ কমাতে কার্যকর ভূমিকা রাখবে।
সূত্র: মিডল ইস্ট মনিটর











