Home Blog Page 54952

রাঙামাটিতে সেনাবাহিনীর ওপর সন্ত্রাসী হামলা, নিহত ২

রাঙামাটির নানিয়ারচরে সেনাবাহিনীর একটি টহল দলের ওপর সশস্ত্র হামলায় এক সেনা সদস্য আহত হয়েছেন।

পাল্টা হামলায় দুই সন্ত্রাসী নিহত হয়েছে। রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির রাত নয়টায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করছেন।

আইনশৃংখলা বাহিনী সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার সময় নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের রউফ টিলায় সন্ত্রাসীদের একটি আস্তানায় অভিযান চালাতে যায় রাঙামাটি সদর জোনের ২০ বীরের সেনা সদস্যরা। এ সময় পার্শ্ববর্তী আরেকটি অবস্থান থেকে সেনা টহলের উপর গুলিবর্ষণ করা হলে সৈনিক শাহাবুদ্দিন (২৮) গুলিবিদ্ধ হন। সেনাবাহিনী পাল্টা গুলি করলে দুই সন্ত্রাসী নিহত হয়।

আহত সেনা সদস্য শাহাবুদ্দিনকে প্রথমে রাঙামাটি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ নেওয়া হয়। সেখান থেকে তাকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সিএমএইচ-এ নিয়ে যাওয়া হয়েছে।

নিহত দুইজনই পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ-এর কর্মী বলে জানিয়েছেন আইনশৃংখলা বাহিনী।

ঘটনাস্থল থেকে একটি একে-২২ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।