শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের পদত্যাগের দাবিতে প্রতীকী অনশন করে ছাত্রদলের নেতাকর্মীরা। অনশনের একপর্যায়ে পুলিশি বাঁধায় কর্মসূচি পণ্ড হয়ে যায়।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, এদিনে সকাল ৯টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীকী অনশন শুরু করেন ছাত্রদল নেতারা। অনশন কর্মসূচি বিকেল ৩ টা পর্যন্ত চলার কথা ছিল। তবে দুপুর পৌনে ১২টার দিকে পুলিশ ‘ফোর্স’ নিয়ে তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় বলে জানিয়েছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব।
তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে অনশন করছিলাম। কিন্তু পুলিশ কর্মসূচিতে বাধা দিয়েছে। ছত্রভঙ্গ করে দিয়েছে। কয়েকজনকে লাঠিচার্জ করেছে। শান্তিপূর্ণ এমন কর্মসূচিতে পুলিশের বাধার তীব্র নিন্দা জানাই আমরা।
তবে বাধা দেওয়ার বিষয়টি অস্বীকার করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার বলেন, আমরা বাধা দেইনি। নিরাপত্তার জন্য অতিরিক্ত ফোর্স আনা হয়েছিল। তাদেরকে আমরা অনুরোধ করেছি, বিষয়টা দ্রুত শেষ করার জন্য। কোনো বলপ্রয়োগ করা হয়নি। পরে তারা দ্রুত সময়ে কর্মসূচি শেষ করে দিয়েছে।
অনশনে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাবি শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমানউল্লাহ আমানসহ কেন্দ্রীয় কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও অন্যান্য ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।











