spot_img
spot_img

শীতার্ত মানুষের পাশে দাঁড়ান: আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী সারাদেশের অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদেরকে আহবান জানিয়েছেন।

তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের অসহায় মানুষ শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতবস্ত্র না থাকায় দরিদ্র জনপদের অনেক শীতার্ত মানুষ খরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এ হাড় কাঁপানো শীতে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক ও ঈমানী দায়িত্ব।

রোববার (৩০ জানুয়ারি) রাজধানীর কামরাঙ্গীরচরে বাংলাদেশ খেলাফত আন্দোলনের হবিগঞ্জ জেলা নেতা-কর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, এমনিতেই করোনা পরিস্থিতিতে গরীব মানুষতো দূরের কথা মধ্যবিত্তরা পর্যন্ত সংসার চালাতে হিমসিম খাচ্ছে। কোনমতে ডালভাত জোগাড় করা দরিদ্র মানুষের পক্ষে শীতবস্ত্র ব্যবস্থা করা অসম্ভব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল অসহায় শীতার্তদেরকে গরম কাপড়, কম্বল ইত্যাদি প্রদান করা ধনীদের মানবিক দায়িত্ব। তাছাড়া সরকারের উচিত সারা দেশের দরিদ্র নাগরিকদের যেকোনো প্রয়োজন পূরণ করা।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা হাবিবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা আশিকুর রহমান ও মাওলানা আতাউর রহমান প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ