spot_img
spot_img

বিএনপি ক্ষমতায় যেতে বিদেশিদের হস্তক্ষেপ চায়: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশে নাকি বাংলাদেশ গণতন্ত্রহীন, ন্যায়বিচারহীন দেশ হিসেবে পরিচিত, বিএনপি নেতাদের এমন অর্থহীন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও বলেন, বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের উত্তরণ বিএনপি চোখে দেখে না।

বুধবার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে যখন উন্নয়ন ও অর্জনের রোল মডেল বলা হয় তখন বিএনপি কানে শোনে না। বিএনপি চায় এ দেশ সমস্যা জর্জরিত রক্তাক্ত জনপদ হয়ে যাক, মুক্তিযুদ্ধের বিরোধী স্রোতধারায় চলুক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যে অব্যাহত অগ্রযাত্রা, তা অদম্য গতিতে এগিয়ে যাবে। বাংলাদেশ আর কোনোদিন বিএনপির সেই অন্ধকার যুগে ফিরে যাবে না।

তিনি বলেন, বিএনপি দেশের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ দিয়ে প্রথম দিকে অস্বীকার করলেও এখন স্বীকার করছে, এখন বলছে প্রবাসী একজন বাংলাদেশি এ কাজ করছেন। এই প্রবাসী বাংলাদেশি কে? তার পরিচয় কেন প্রকাশ করেননি? বিএনপি নেতারা বলেছেন এ ধরনের কার্যক্রমে তাদের নৈতিক সমর্থন আছে এবং তারা এতে এ সংহতি প্রকাশ করেন। এ থেকেই সবকিছু স্পষ্ট হয়।

বিএনপি মহাসচিবের ডেভেলপমেন্ট পার্টনারদের কাছে চিঠি লেখা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, তাদের ভাষায় নাকি মানবাধিকার আর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য চিঠি লিখেছেন। অন্তত চিঠি লেখার কথাতো স্বীকার করেছেন! তারা কথায় কথায় সার্বভৌমত্বের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, তবে কি বিদেশিদের কাছে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানানো স্বাধীন দেশের রাজনৈতিক দলের কাজ হতে পারে?

spot_img
spot_img
spot_img

সর্বশেষ