কাতার ও আফগানিস্তানের সরকার দেশ দুইটির মধ্যে নিয়মিত বিমান চলাচলে সম্মত হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) আফগানিস্তানের পরিবহন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের মুখপাত্র ইমামউদ্দিন আহমাদি এ তথ্য জানান।
তিনি বলেন, দুই পক্ষের সম্মতির ভিত্তিতে আফগান ও কাতারি এয়ারলাইন্স প্রতি সপ্তাহে সরাসরি দোহা-কাবুল নিয়মিত ফ্লাইট চালু করবে।
তিনি আরও বলেন, আফগান এয়ারলাইন্স দোহায় এবং কাতার এয়ারওয়েজ কাবুলে সরাসরি নিয়মিত ফ্লাইট চালু করবে।
আফগানিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (এসিসিএ) সাবেক প্রধান মুহাম্মাদ কাসিম ওয়াফাইজাদা বলেন, আফগানিস্তান ও কাতারের মধ্যে এই ফ্লাইট বিদেশ ভ্রমণের টিকেটের মূল্যকে কমাতে সহায়তা করবে এবং দেশটির বেসামরিক বিমান চলাচল সেবাকে উন্নত করবে।
তিনি আরও বলেন, আফগানিস্তানের প্রধান দুই বিমান সংযোগ কেন্দ্র তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের মতোই এই উদ্যোগ সহায়ক হতে পারে। কাতার এয়ারওয়েজ এক খ্যাতনামা এয়ারলাইন যাদের ১৭৩টি গন্তব্যে বিমান পরিবহনের অনুমতি আছে।











