বাংলাদেশসহ আটটি দেশ থেকে গৃহকর্মী নিয়োগ দিতে যাচ্ছে সৌদি আরব। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় আফ্রিকা ও এশিয়ার আট দেশ থেকে শিগগিরই গৃহকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সৌদি আরবের এক কর্মকর্তার বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদির মানবসম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র সাদ আল হামাদ দেশটির দৈনিক আল ইকতিকে বলেন, আট দেশ থেকে গৃহকর্মী নেওয়া হবে। মোট ১৬ দেশ এ সুযোগ পাবে।
সৌদি আরবে গৃহকর্মী নিয়োগের অনুমতি পাওয়া দেশগুলো হলো— ফিলিপাইন, নাইজার, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা, ভিয়েতনাম, মৌরিতানিয়া, উগান্ডা, ইরিত্রিয়া, দক্ষিণ আফ্রিকা, মাদাগাস্কার, উজবেকিস্তান, কম্বোডিয়া, মালি ও কেনিয়া।
সৌদি আরব নিজেদের শ্রমবাজার নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিয়েছে। এজন্য দেশটিতে নতুন লেবার প্রোগ্রাম উদ্বোধন করেছে। এ কর্মসূচির আওতায় দেশটিতে কর্মীদের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে অবগত করা, ভিসা ইস্যু, নিয়োগের অনুরোধ, নিয়োগকর্তা ও কর্মীদের চুক্তিভিত্তিক সম্পর্কসহ বিভিন্ন ধরনের সেবার বিষয়ে জানানো হয়।










