খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কোনক্রমেই দেশে চালের বাজার অস্থিতিশীল করতে দেওয়া হবে না। যারা ভাবছেন চাল ধরে রেখে বেশি মুনাফা করবেন, তাদেরকে তা করতে দেওয়া হবে না। প্রয়োজন হলে চাল আমদানি করা হবে। এ ব্যাপারে আমাদের ফাইল প্রস্তুত রয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ‘অবৈধ মজুতদারি রোধে করণীয় ও বাজার তদারকি সংক্রান্ত মতবিনিময় সভায়’ ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে বর্তমান সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
খাদ্যমন্ত্রী আরও বলেন, কৃষক ধান মজুত করেন না। মিল মালিকগণ জানেন কারা ধান মজুত করেন। কারণ, মজুত করা ধান মিল মালিকরাই কিনেন। মিল মালিকরা আমাদের প্রতিপক্ষ নয়। তাদের দোষ দিতে চাইনা। তবে তারা যদি বেশি লাভের চিন্তা করে তাহলে দেশের মানুষকে বাঁচানো যাবে না।










