বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার আমন্ত্রণে আগামী ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি ভারত সফর করবেন। শ্রিংলা গত ডিসেম্বরে দুই দিনের সফরের জন্য মাসুদকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকা থেকে ভারতের চেন্নাইয়ে পৌঁছবেন পররাষ্ট্র সচিব। সেখানে তিনি বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সেখান থেকে পরের দিন ২৪ ফেব্রুয়ারি নয়া দিল্লি যাবেন। সেখানে তিনি ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
বৈঠকে পররাষ্ট্র সচিব নিরাপত্তা ইস্যুতে পারস্পারিক সহযোগিতা বাড়ানোসহ বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করবেন।
ভারতে সরকারি সফর শেষে আগামী ২৫ ফেব্রুয়ারি ঢাকার উদ্দেশ্যে নয়া দিল্লি ত্যাগ করবেন মাসুদ।










