রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে আরও দুজন মারা গেছেন। এদের মধ্যে একজন তরুণ এবং একজন বৃদ্ধ। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে করোনা ইউনিটে তারা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রামেক হাসপাতালে করোনায় একজন এবং করোনার উপসর্গ নিয়ে আরও একজন মারা গেছেন। এই দুজন ভর্তি ছিলেন হাসপাতালের ২৯/৩০ নং ওয়ার্ডে।
এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৩৮ জন রোগী। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৪৯ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৭ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৭ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ জন।










