বাংলাদেশে নিযুক্ত আমেরিকার নতুন রাষ্ট্রদূত পিটার ডি. হাস ঢাকায় পৌঁছেছেন। তিনি বিদায়ী রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের স্থলাভিষিক্ত হচ্ছেন।
মঙ্গলবার (১ মার্চ) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নতুন মার্কিন এই রাষ্ট্রদূত।
জানা যায়, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র উপস্থাপন করার মাধ্যমে দায়িত্ব পালন শুরু করবেন তিনি। শিগগিরই তার পরিচয়পত্র উপস্থাপন অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
পেশাদার মার্কিন কূটনীতিক পিটার ডি. হাসকে গত বছরের ৯ জুলাই বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন প্রেসিডেন্ট জো বাইডেন।
বাংলাদেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পিটারের এ নতুন দায়িত্ব তাৎপর্যপূর্ণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।










