ইউক্রেনে গত ৬ দিনের রাশিয়ার অভিযানে এ পর্যন্ত প্রায় ১০ লাখ বেসামরিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং এই অভিযান যদি অব্যাহত থাকে, সেক্ষেত্রে এই সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে জাতিসংঘ।
মঙ্গলবার (১ মার্চ) সুইডেনের রাজধানী স্টকহোমে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক অঙ্গসংস্থা ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রেফিউজি’র (ইউএনএইচসিআর) ইউক্রেন প্রতিনিধি ক্যারোলিনা লিন্ডহোম বিলিং এ তথ্য জানান।
ক্যারোলিনা বলেন, গত ছয়দিনে ইউক্রেনে কত সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, সে সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য এখনও আমরা পাইনি, তবে আমাদের হিসেব বলছে, এ পর্যন্ত ইউক্রেনে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বেরিয়েছেন অন্তত ১০ লাখ মানুষ। তাদের অনেকেই ইতোমধ্যে পার্শ্ববর্তী কোনো দেশে আশ্রয় নিয়েছেন এবং অনেকে বাড়িঘর ছেড়ে সীমান্তের উদ্দেশে রওনা হয়েছেন।











