spot_img

দ্রব্যমূল্য বাড়লেও মানুষ আগের চেয়ে অনেক ভালো আছে: হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দ্রব্যমূল্য বাড়লেও দেখতে হবে মানুষ ক্রয় করতে পারে কি না। মানুষ আগের চেয়ে ভালো আছে কি না। বাংলাদেশের মানুষ আগের চেয়ে অনেক ভালো আছে। এজন্য মানুষের মনে স্বস্তি আছে।

শনিবার (৫ মার্চ) আগারগাঁও ফিল্ম আর্কাইভে ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, পৃথিবীতে সবসময় দ্রব্যমূল্য বেড়েছে। যখন চল্লিশের দশকে বাংলায় দুর্ভিক্ষ হয় তখন দ্রব্যমূল্য অনেক কম ছিল। তখন এক টাকায় অনেক কেজি চাল পাওয়া যেতো। এখন তো এক টাকায় এক কেজি চালও পাওয়া যায় না। তখন এক আনায় কয়েক কেজি চাল পাওয়া যেতো। তখন কিন্তু দুর্ভিক্ষ হয়েছে, কারণ তখন মানুষের ক্রয়ক্ষমতা ছিল না।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, উত্তর আমেরিকা, ইউরোপ, যুক্তরাজ্য, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত-পাকিস্তানসহ পৃথিবীর সবদেশে গত কয়েক বছরে খাদ্যপণ্যের দাম বেড়েছে। কিন্তু মাথাপিছু আয় সব জায়গায় বাড়েনি। আমাদের দেশেও ভোগ্যপণ্যের দাম বাড়েনি তা নয়, কিছুটা বেড়েছে। কিন্তু তার সঙ্গে অনেক বেশি বেড়েছে মানুষের মাথাপিছু আয়।

তথ্যমন্ত্রী বলেন, গত ১৩ বছরে বাংলাদেশে মাথাপিছু আয় সাড়ে চারগুণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে তিনগুণ। অন্যান্য আয়ের মানুষেরও ক্রয়ক্ষমতা তিনগুণের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ