মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সৌদি আরবের কাছে চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ সরকার। তবে চিঠি দেওয়ার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে কোনো জবাব পায়নি ঢাকা। বিষয়টি নিয়ে সৌদি সরকারের উত্তরের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শামা ওবায়েদ ইসলাম বলেন, সৌদি সরকারের উত্তরের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। সৌদি আরবে বাংলাদেশের মিশন যোগাযোগ অব্যাহত রেখেছে। শিগগিরই সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে তথ্য পাওয়া যাবে বলে আশা করেন তিনি।
সৌদি সরকারের কাছ থেকে এখন পর্যন্ত কোনো উত্তর পাওয়া গেছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “না, কাজ চলছে। কাজ চলছে, সময় লাগবে, সময় লাগছে। তো আমরা আশা করছি যে, সৌদি সরকারের কাছ থেকে আমরা দ্রুত কিছু খবর পাব।”
এর আগে ১৪ অক্টোবর মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানায় সৌদি কর্তৃপক্ষ। তবে মৃত্যুদণ্ড কার্যকরের আগে সৌদি আরবের পক্ষ থেকে বাংলাদেশকে এ বিষয়ে কিছু জানানো হয়নি বলে জানিয়েছে ঢাকা।
সংবাদমাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য জানতে উদ্যোগ নেয় বাংলাদেশ সরকার। এর অংশ হিসেবে ১৫ অক্টোবর জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেট সৌদি আরবের পররাষ্ট্র দপ্তরে চিঠি পাঠিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে তথ্য ও বিস্তারিত জানতে চায়।
চিঠি পাঠানোর তিন দিন পর ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এ সময় একই চিঠি পুনরায় সৌদি রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার পর্যন্ত ওই চিঠির কোনো প্রতিউত্তর পাওয়া যায়নি বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।











