বিএনপি বিদেশী প্রভুর দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম।
তিনি বলেন, বিএনপি জনসম্পৃক্ততাহীন ও নেতৃত্বহীন হয়ে এখন বিদেশী প্রভুর দিকে তাকিয়ে আছে। জনগণ তাদের থেকে দূরে সরে গেছে। তাদের দলে কোনো নেতৃত্ব নেই।
শনিবার (৫ মার্চ) সকালে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে পিরোজপুর জেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন দণ্ডিত আসামি তারেক রহমান লন্ডনে বসে ভার্চুয়ালি ‘সন্ত্রাসীদের’ নিয়ে কমিটি দেয়। সে নিজে একজন সাজাপ্রাপ্ত ‘সন্ত্রাসী’। তাদের দলের চেয়ারপার্সন একজন দণ্ডপ্রাপ্ত আসামি। তাই তারা এখন বিদেশী প্রভুর হাত ধরে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে।










