খুলনায় প্রেমে ব্যর্থ হয়ে প্যান্টের বেল্ট পেঁচিয়ে ঘরের আড়ায় ঝুলে অসিত পাল (১৬) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার ছয়বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অসিত (১৬) উপজেলার ছয়বাড়িয়া গ্রামের পুণ্য পালের ছেলে। ধামালিয়া ফারাহ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। যশোর জেলার মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় আত্মীয়ের সূত্র ধরে এক মেয়েকে পছন্দ করতো অসিত। তারই জের ধরে তাদের যোগাযোগ হতো। এক পর্যায়ে মেয়েটি অসিতকে প্রত্যাখ্যান করতে থাকে। এর ফলে হতাশায় আচ্ছন্ন অসিত শনিবার রাতে প্যান্টের বেল্ট পেঁচিয়ে ঘরের আড়ায় ঝুলে আত্মহত্যা করে।
পরে রাত আনুমানিক ১১টায় তার পরিবার ও স্থানীয় লোকজন টের পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ অসিতের লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।











