রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে মানবাধিকার বিষয়ক আইন মেনে চলতে বাধ্য করার জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
সোমবার (৭ মার্চ) ইউরোপিয়ান কাউন্সিলের সভাপতি চার্লস মিশেলের সঙ্গে এক টেলিফোনালাপে তিনি এ আহ্বান জানান।
পুতিন বলেন, ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদীরা দেশটির বেসামরিক নাগরিকদেরকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে। এটি বন্ধ করতে হবে।
টেলিফোনালাপে ইউক্রেনের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে বেসামরিক নাগরিকদের প্রাণ বাঁচানোর জন্য রাশিয়া সর্বোচ্চ চেষ্টা চালাবে বলে প্রতিশ্রুতি দেন পুতিন।
পুতিন বলেন, রাশিয়ার সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার সুযোগ করে দেয়ার জন্য এ পর্যন্ত বহুবার সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে; কিন্তু ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদীরা এই সুযোগের অপব্যবহার করেছে।











