বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে এই সরকার যদি আরও কিছুদিন ক্ষমতায় থাকে, তাহলে এ দেশের কোনও অস্তিত্ব থাকবে না। এরা বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে প্রশাসনযন্ত্র বা আমলাতন্ত্রকে সম্পূর্ণ দলীয়করণ করেছে। শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের দলীয় লোক নিয়োগ দিয়ে দুর্নীতির আখড়া তৈরি করেছে।
মঙ্গলবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়বাদী যুবদল আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সরকারকে বলতে চাই, আপনাদের দিন শেষ হয়ে এসেছে। সুতরাং ভালোই ভালোই পদত্যাগ করুন। পদত্যাগ করে নিরাপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন।
তিনি বলেন, দ্রব্যমূল্য বাড়ার কারণ জ্বালানি তেলের দাম বাড়ানো। আরেকটি কারণ গ্যাসের দাম বাড়ানো। গ্যাসের দাম বাড়ছে কেন? এলপিজি গ্যাস আমদানি করে কে? জাতি জানতে চায় তো। এই এলপিজি গ্যাস আমদানির প্রধান ব্যক্তি কে? তিনি হচ্ছেন সালমান এফ রহমান। প্রধানমন্ত্রীর শিল্পবিষয়ক উপদেষ্টা। তিনি যতবারই এলপিজি গ্যাস আমদানি করেছেন, ততবারই দাম বাড়িয়েছেন। সরকার পরিকল্পিতভাবে এ দেশকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। এর জবাব তারা দিতে পারবে না।
বিএনপির মহাসচিব বলেন, আজকে এভাবে সিন্ডিকেট তৈরি করে, প্রজেক্ট তৈরি করে, এ দেশ থেকে লুট করে কানাডায়, মালোয়শিয়ায় তারা বাড়িঘর তৈরি করছে।










