অস্ত্র রপ্তানিতে বিশ্বে রাশিয়ার অবস্থান দ্বিতীয়। আর প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের প্রায় ২০ শতাংশ অস্ত্রের যোগান দেয় রাশিয়া। ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে মস্কো ৪৫টি দেশে দুই হাজার আটশ কোটি ডলারের অস্ত্র বিক্রি করে। বুধবার (৯ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিশ্বের ১০ দেশে রাশিয়া তাদের অস্ত্রের প্রায় ৯০ শতাংশ বিক্রি করে। সবচেয়ে বেশি বিক্রি করে ভারতের কাছে। তারপরে এ তালিকায় আছে চীন, আলজেরিয়া, মিশর এবং ভিয়েতনাম। ভারত গত ৫ বছরে রাশিয়ার অস্ত্রের ২৩ শতাংশ কেনে। যা তাদের অস্ত্র আমদানির অর্ধেক।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) তথ্য অনুসারে, একই সময়ে চীন রাশিয়ার অস্ত্রের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা হিসেবে কিনেছে ৫১০ কোটি ডলারের অস্ত্র। এ ছাড়া তালিকায় পরের দেশগুলো হলো—আলজেরিয়া (৪২০ কোটি ডলার), মিশর (৩৩০ কোটি ডলার) এবং ভিয়েতনাম (১৭০ বিলিয়ন ডলার)।
রাশিয়া বিমান, যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম, হেলিকপ্টার, বিমানের ইঞ্জিন, ক্ষেপণাস্ত্র, সাঁজোয়া যান এবং একে-৪৭ এর মতো বিখ্যাত রাইফেলসহ বিভিন্ন ধরনের অস্ত্র রপ্তানি করে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেনের ২০ লাখ ১১ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১১ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৪৭৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও সংস্থাটি বলেছে, এটি নিশ্চিত যে প্রকৃত হতাহতের সংখ্যা হয়তো অনেক বেশি।
সূত্র : আল-জাজিরা









