চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেছেন, ইউক্রেনে অরাজক পরিস্থিতি চলছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় সমর্থন দেওয়া গুরুত্বপূর্ণ।
শুক্রবার (১১ মার্চ) পার্লামেন্টের বার্ষিক অধিবেশন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে চীনা প্রধানমন্ত্রীর কাছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে বেশ কয়েকটি প্রশ্ন রাখা হয়। এসব প্রশ্নের মধ্যে ছিল ইউক্রেনে রাশিয়া যাই করুক চীন কি তাদের নিন্দা জানাবে না? এছাড়া পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়া রাশিয়াকে বেইজিং অর্থনৈতিক সহায়তা যোগাবে কিনা তাও জানতে চাওয়া হয়। তবে এসব প্রশ্নের সরাসরি কোনও উত্তর দেননি চীনের প্রধানমন্ত্রী।
এদিকে ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞাকে অবৈধ বলে বিবেচনা করছে চীন। এসব নিষেধাজ্ঞার জোরালো বিরোধিতা করে ইউক্রেন সংকট সমাধানে আলোচনার ওপর গুরুত্ব দিতে চায় বেইজিং।











