spot_img

শেখ হাসিনা গরিব-দুঃখী-মেহনতী মানুষের সরকার: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, শেখ হাসিনার সরকার গরিব-দুঃখী-মেহনতী মানুষের সরকার। যে সমস্ত অসাধু ব্যবসায়ী মুনাফা লাভের জন্য পণ্যের দাম বাড়ানোর চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না।

রবিবার (১৩ মার্চ) বিকেলে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির ‘হাসন রাজা মিলনায়তনে’ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বাজার মূল্য নিয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতির চেষ্টা করা হচ্ছে। দুই বছর করোনায় সারাবিশ্ব বিপর্যস্ত ছিল। বাংলাদেশেও স্বাভাবিক জীবন ছিল না। রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রম হয়নি, ব্যবসা-বাণিজ্য ঠিকমত হয়নি। এরকম পরিস্থিতি গোটা বিশ্বে ছিল, যার কারণে বিশ্ব বাজার এখনো স্থিতিশীল অবস্থায় আসেনি। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে। আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীল অবস্থা চলছে। এর ঢেউ আমাদের দেশেও লেগেছে। আমাদের দেশের কিছুসংখ্যক ব্যবসায়ী সুযোগের অপেক্ষায় থাকে, সুযোগ পেলেই তারা অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য দাম বাড়িয়ে দেন। যদি কোন অসাধু ব্যবসায়ী পণ্য মজুদ করতে চায় বা করে- প্রশাসনকে জানাবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাজার মনিটরিংয়ের নির্দেশনা দিয়েছেন। বাজার মনিটরিং শুরু হয়েছে। মজুতদারদের ব্যাপারে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। ২০২৩ সালের ডিসেম্বরে অথবা ২০২৪ সালের জানুয়ারি মাসে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর দুই বছরেরও কম সময় বাকি আছে। এই সময়ের মধ্যে সংগঠনকে ঢেলে সাজিয়ে, সাধারণ মানুষের হৃদয় জয় করে আগামী সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের জন্য প্রস্তুত হতে হবে। এটাই আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আমরা যাত্রা শুরু করেছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ